পঞ্চগড়ে জ্বালানি তেলের তীব্র সংকট

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে জ্বালানি তেলের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। পঞ্চগড় জেলায় ২৩টি পাম্পের মধ্যে বর্তমানে ৫-৬টি পেট্রল পাম্প খোলা রয়েছে। বাকিগুলো তেলের অভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে থেকেও লোকজন তেল পাচ্ছেন না।

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন জেলার কয়েকটি পাম্পে পুলিশ ও সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রেশনিং পদ্ধতিতে শুধুমাত্র গাড়ির বৈধ কাগজপত্র ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স থাকাসাপেক্ষে এর চালকদের ফুয়েল কার্ডের মাধ্যমে প্রতিদিন মাত্র ৩ লিটার পেট্রল সরবরাহ করা হচ্ছে। ফলে লাইসেন্সবিহীন হাজার হাজার মোটরসাইকেল চালক তেল না পেয়ে কালোবাজারিদের কাছ থেকে তেল সংগ্রহের দিকে ঝুঁকছেন। এতে বিড়ম্বনাও অনেকাংশে বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা সদরের একটি ফিলিং স্টেশনের মালিক জানান, এই ফিলিং স্টেশনে যেখানে গড়ে প্রায় ২৫ হাজার লিটার তেলের চাহিদা রয়েছে। তার বিপরীতে তেল পাওয়া গেছে মাত্র সাড়ে ৩ হাজার লিটার। ফলে চাহিদার বিপরীতে পর্যাপ্ত তেল না পাওয়ায় সংকট ভয়ানক আকার ধারণ করেছে এবং বিপাকে পড়েছেন অসংখ্য মানুষ।

এদিকে তেলের অভাবে স্থানীয় বিভিন্ন রুটে মোটরসাইকেলসহ পেট্রল অকটেনচালিত অধিকাংশ যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। অবশ্য তেল পাচাররোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে থাকায় বিচ্ছিন্নভাবে তেল কালোবাজারির ঘটনা ঘটলেও সীমান্তবর্তী এলাকায় তেল পাচারের কোনো ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত