বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার জনগণের সঙ্গে ‘লুকোচুরি’ করছে।
তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে জনমনে স্বস্তি নেই।
শুক্রবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জ্বালানি সংকট নিরসনে বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত থাকলেও সরকার একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘ইস্পাত কঠিন আন্দোলনের’ হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের আচরণে ‘ফ্যাসিবাদের সংক্রমণ’ দেখা যাচ্ছে এবং জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। সংসদে আলোচনা এড়িয়ে সময়ক্ষেপণ করে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আফজাল হোসেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মসিউল আলম, নায়েবে আমির অধ্যক্ষ শাহীনুর ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুর জব্বারসহ নেতারা।