কুমিল্লায় নাশকতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

সংবাদপত্র প্রতিবেদক
ছাত্রলীগের নেতাকর্মী ছবি: সংগৃহীত
ছাত্রলীগের নেতাকর্মী ছবি: সংগৃহীত

নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিল করার প্রস্তুতিকালে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম। 

শহরের বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সংঘবদ্ধ অবস্থায় ২৯ জনকে আটক করে পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ছাত্রলীগের ১৫ জন নেতা-কর্মীকে আটক  করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে আটকদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। 

প্রত্যাক্ষদর্শীরা জানায়, সকালে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার করার জন্য ছাত্রলীগের নেতা কর্মীরা জড়ো হতে থাকে। পরে হঠাৎ পুলিশি অভিযান শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাশকতার পরিকল্পনার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। 

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালানো হয়। আটকদের কাছ থেকে বাশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ পাওয়া গেছে। সাবেক এমপি আ.ক.ম বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনার অর্থায়নে শহরে ছাত্রলীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি  নেয়। 

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে। এ ঘটনায় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত