এবার ভয়াবহ ধ্বংসযজ্ঞে বিপন্ন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লালপাথরের পাহাড় খ্যাত শাহ আরেফিন টিলার লুটের ৯৬ হাজার ৮শ ঘনফুট লালপাথর জব্দ করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিচালিত এ অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবিরাম খোঁড়াখুঁড়ি আর অবৈধভাবে পাথর উত্তোলনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শাহ আরফিন টিলা। পুরো টিলা এখন জলাশয়। তবুও থামছে না পাথরখেকোরা। অবিরাম চলছে লুটপাটের মহোৎসব। গেল ১৯ মার্চ শাহ আরেফিন টিলায় বিজিবি অভিযান চালিয়ে পাথরসহ ৪১টি ট্রাক্টর জব্দ ও ৬ জনকে আটক করে। নিয়মিত অভিযানে পাথরবোঝাই ট্রাক্টর জব্দ, রাস্তায় খুঁটি দিয়ে ও জেল-জরিমানা করেও বন্ধ হচ্ছে না পাথর উত্তোলন।
এ বিষয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, অভিযান চালিয়ে ৯৬ হাজার ৮শ ঘনফুট পাথর জব্দ করেছি। এসব পাথর নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। জব্দকৃত পাথর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যের জিম্মায় রয়েছে।