গাজীপুরের শ্রীপুরে ঈদে বেড়াতে এসে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী অধ্যক্ষের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যক্ষ সাহেদা আহমেদ।
সাহেদা আহমদ গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা ও গাজীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ। তিনি ঢাকায় বসবাস করতেন।
মৃতের স্বজনরা জানান, ঈদের ছুটিতে পরিবারের অন্য সদস্যের সঙ্গে গ্রামের বাড়িতে যান সাহেদা। বুধবার (২৫ মার্চ) রাতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। দ্রুত তাকে উদ্ধার করে মাওনায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
প্রফেসর জসিম উদ্দিন বলেন, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।