অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ‘দম’

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশীয় প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার আন্তর্জাতিক পর্দায় যাত্রা শুরু করেছে ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটির শো ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন সিনেপ্লেক্সে চলছে। ‘দম’ এবার মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে।

তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ।

শাহরিয়ার শাকিল জানান, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে এক সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল থেকে কানাডার বিভিন্ন শহরে ‘দম’ মুক্তি দেওয়া হবে।

আটলান্টিক মহাসাগরের পাড়ে বাংলাদেশি ছবির পরিবেশনা প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ বলেন, উত্তর আমেরিকার দর্শক বাংলা সিনেমাকে নতুন প্রাণ দিয়েছে। এটি আমাদের ৫৩তম পরিবেশনা। দর্শকদের ভালোবাসার কারণেই আমরা এতদূর আসতে পেরেছি।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘দম’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। ছবিটিতে বন্দিদশা থেকে পরিবারের কাছে বেঁচে ফেরার এক মানবিক আকুতি উঠে এসেছে।

ছবিটির একটি বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং চরকি সহপ্রযোজিত ‘দম’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত