বিএনপি ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় গেলে নারী শ্রমিকদের জন্য এলাকাভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌরশহরের তেরীবাজার এলাকার নারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। স্থানীয় এক নারী বলেন, অনেক মা আছেন, যারা এখন এ কথাটা বলতেই পারছেন না যে তাদের সন্তান নেশাগ্রস্ত। যেমন আমার ছেলে নেশা করে। আমি চাই, এমন ব্যবস্থা নেওয়া হোক যেন কেউ নেশা হাতে নিতে ভয় পায়।
আরেক নারী বলেন, হাসপাতালে গেলে দেখা যায় শুধু নোংরা পরিবেশ। টয়লেট পরিষ্কার করার মতো কোনো লোক নেই। হাসপাতালে গিয়ে টয়লেটে বসার পরিবেশ নেই, গোসলখানা নোংরা। ডায়াবেটিস রোগীর কোনো চিকিৎসা নেই, কুকুরে কামড়ের কোনো ওষুধও পাওয়া যায় না। আমি চাই, আমাদের স্বাস্থ্য বিভাগটা যেন আরও সুন্দরভাবে পরিচালনা করা হয়।
ব্যারিস্টার কায়সার কামাল এসব নারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন।
তিনি বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলার অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই ইভটিজিং হয়, কিশোর গ্যাং তৈরি হয়। আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, আপনারা যদি আমাকে এলাকায় কাজ করার সুযোগ দেন, তাহলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকব।
তিনি বলেন, সে যেই হোক, যত শক্তিশালী পরিবারের সদস্যই হোক বা যত বড় নেতাই হোক- কাউকেই আমি ছাড় দেব না ইনশাআল্লাহ।