টাঙ্গাইলের ঘাটাইলে এক পরীক্ষাকেন্দ্রে পৌরনীতি বিষয়ের প্রশ্নপত্রের পরিবর্তে অর্থনীতি বিষয়ের প্রশ্নপত্র দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় উপজেলার সানবান্দা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থী এ ভুল প্রশ্নপত্র পান। এ ঘটনায় কেন্দ্র সচিব নছরুল্লাহ ওই পরীক্ষার্থীদের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেন।
বিষয়টি কেন্দ্রের ট্যাগ অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তিনি দ্রুত কেন্দ্রে উপস্থিত হন। পরে পরীক্ষা নিয়ন্ত্রকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রবেশপত্র সংশোধনের আশ্বাস পাওয়ার পর পরীক্ষা শুরুর আধাঘণ্টা পরে পরীক্ষার্থীদের পৌরনীতি বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন রেজভীকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সমবায় কর্মকর্তা শহিদুজ্জামান।
তাৎক্ষণিক তদন্তে কমিটি এ ঘটনার জন্য সানবান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিমকে দায়ী করে সন্ধ্যা ৬টার মধ্যেই স্থানীয় ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
এ বিষয়ে আ. হালিম বলেন, রেজিস্ট্রেশনের সময় কোড নম্বর লিখতে হয়। ১৪০ নম্বর কোডে রয়েছে পৌরনীতি এবং ১৪১ নম্বর কোডে রয়েছে অর্থনীতি। ফলে তারা ভুলবশত ১৪১ নম্বর কোড পূরণ করে স্বাক্ষর করেছে।
তিনি আরও বলেন, বিষয়টি ইউএনও ও কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করে এডমিট কার্ড সংশোধনের সুযোগ করে দেওয়া হয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এ ঘটনার দায় প্রধান শিক্ষকের। প্রতিবেদনটি আজই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।