নির্বাচন কমিশন কখন ভোট বন্ধ করতে পারে?

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ভোটের দিন ঘনিয়ে আসছে। এর মাঝেই হঠাৎ যদি ঘোষণা আসে যে, আপনার আসনে ভোট হচ্ছে না, তাহলে আপনি অবাক হবেন না? স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগবে, এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা?

বাংলাদেশের নির্বাচনি ইতিহাসে ভোটগ্রহণ স্থগিত বা বাতিল হওয়ার নজির বহুবার দেখা গেছে। বিভিন্ন সময়ে সহিংসতা, কারচুপি কিংবা ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আসন বা কেন্দ্রের নির্বাচন বন্ধ করেছে।

যেমন, সম্প্রতি সীমানা জটিলতায় আদালতের আদেশে পাবনা-১ ও ২ আসনে নির্বাচনি কার্যক্রম স্থগিত করেছিলো ইসি। পরে যদিও আপিল বিভাগ সেই স্থগিতাদেশ প্রত্যাহার করার নির্দেশ দেয়।

এখন প্রশ্ন হলো, ঠিক কোন কোন পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন?

আইনে নির্বাচন কমিশনের ক্ষমতা

জাতীয় সংসদ নির্বাচনের ভোট বন্ধের বিষয়টি রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও’র ৯১ এর ‘ক’ ধারায়। বাংলাদেশে সংবিধানের আওতায় নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো আইন আছে, তার মধ্যে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন হলো আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন।

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে সংবিধান তৈরির পর নির্বাচন পরিচালনার জন্য প্রথমবারের মতো আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ প্রণয়ন করা হয়েছিল।

এরপর বিভিন্ন সময়ে নানা পরিবর্তন আনা হয়েছে এ আইনটিতে। সবশেষ ২০২৫ সালের ৮ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বেশ কয়েকটি অনুচ্ছেদ পরিবর্তন করে গেজেট প্রকাশ করে সরকার।

এর আগে, ২০২৩ সালে আরপিও সংশোধন করেছিল আওয়ামী লীগ সরকার। তখন আইন করা হয়েছিল, নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে বড় ধরনের অনিয়ম, কারসাজি ও ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার প্রমাণ পেলে নির্বাচন কমিশন (ইসি) সেই কেন্দ্রের ভোট বা ফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিতে পারবে। কিন্তু পুরো আসনের ভোট বাতিল করতে পারবে না।

ভোট বাতিলের পাশাপাশি প্রয়োজন হলে পুরো নির্বাচনি এলাকার ফল বাতিলের ক্ষমতা ফের ইসিকে দেওয়া হয়েছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৫ সালে আইনে যে পরিবর্তনটা এসেছে, তার অর্থ হলো, ‘তফসিল ঘোষণার পরে গেজেট প্রকাশের আগ পর্যন্ত, ইলেকশন ডেসহ ইলেকশন কমিশন যে কোনো অবস্থায়, যেকোনো পরিস্থিতিতে ইলেকশন বন্ধ করতে পারবে। যেমন, প্রচারণার আগেই সহিংসতা শুরু হলো, অথবা অনিয়ম শুরু হয়ে গেল; তখন,’ বিবিসি বাংলাকে ব্যাখ্যা করছিলেন নির্বাচন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আব্দুল আলীম।

তার মতে, ২০২৩ সালের সংশোধনীতে নির্বাচন কমিশনের ‘হাত পা বেঁধে দেওয়া হয়েছিলো।’

ভোট বাতিল, স্থগিত বা পুনঃভোট‒ কখন?

আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের সংশোধিত আরপিও অনুযায়ী। কিন্তু সেখানে কোন কোন পরিস্থিতিতে ভোট বাতিল করতে পারবে ইসি?

এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলেন, একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার চাইলে সেই কেন্দ্রের ভোট বন্ধ করতে পারেন। মানে, বাতিল।

‘এমন ঘটনা ঘটলো, যখন নির্বাচন নিরপেক্ষ হবে না, কেন্দ্র প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে গেছে... যেমন, ব্যালট পেপারে সিল দেওয়া হয়েছে বা পেপারসহ ব্যালট বক্স ছিনতাই হয়ে গেছে... তখন সে কেন্দ্র বন্ধ করতে পারে,’ তিনি ব্যাখ্যা করেন।

কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরও যদি প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ না করেন এবং ততক্ষণে বিষয়টি নির্বাচন কমিশন পর্যন্ত চলে আসে, তখন নির্বাচন কমিশন ওই কেন্দ্র বন্ধ করার ক্ষমতা রাখে। নির্বাচন কমিশন তখন রিটার্নিং অফিসারকে কেন্দ্র বন্ধ করার নির্দেশ দেবে।

আর একটা নির্বাচনি এলাকার মাঝে যদি নির্বাচনের নিরপেক্ষতা হারানোর মতো কোনো ঘটনা ঘটে এবং সিসি ক্যামেরা বা নিজস্ব কোনো সোর্স থেকে যদি কমিশন তার প্রমাণ পায়, তাহলে পুরো একটি আসনের ভোটগ্রহণও বন্ধ তথা বাতিল করতে পারবে ইসি।

তবে পুরো আসনের ভোট বন্ধ করতে হলে কমিশনকে তদন্ত করে সত্যতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে জেসমিন টুলি আরও বলেন, ‘অধিকাংশে কেন্দ্রে অনিয়মের অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে... তবে দুইটা-তিনটা কেন্দ্রেও যদি হয়, তাহলেও ফলাফলের মোড় ঘুরে যায়।’

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত