যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের ১২ বছর বয়সি এক খুদে শিক্ষার্থী আইদান ম্যাকমুলেন পারমাণবিক ফিউশন ঘটিয়ে বিশ্বজুড়ে চমক সৃষ্টি করেছে।
আইদান জানিয়েছে, মাত্র আট বছর বয়স থেকেই সে এই প্রকল্পের ওপর কাজ শুরু করে। তবে সরাসরি যন্ত্রপাতি নিয়ে কাজ শুরুর আগে দীর্ঘ দুই বছর সে অত্যন্ত গুরুত্বের সাথে পারমাণবিক পদার্থবিদ্যা অধ্যয়ন করেছে।
শৈশবের এই অদম্য কৌতূহল এবং কঠোর পরিশ্রমের ফসল হিসেবেই সে এই বৈজ্ঞানিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
আইদানের এই প্রকল্পের যাত্রা মোটেও সহজ ছিল না, বিশেষ করে তার মায়ের দুশ্চিন্তা দূর করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। প্রকল্পের কাজ চলার সময় তার মা প্রায়ই নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলতেন এবং কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে বারবার সতর্ক করতেন।
অবশেষে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আইদান সফলভাবে পারমাণবিক ফিউশন সম্পন্ন করতে সক্ষম হয়। বর্তমানে এই কৃতিত্বের জন্য আইদান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছে এবং শিগগিরই প্রয়োজনীয় প্রমাণাদি জমা দেবে।
উল্লেখ্য, এই বিভাগে বর্তমান বিশ্ব রেকর্ডের অধিকারী জ্যাকসন অসওয়াল্ড।
সূত্র: সামা টিভি।