বাংলাদেশের সংস্কৃতির মহীরুহ ছায়ানট সভাপতি প্রয়াত সনজীদা খাতুন। সংস্কৃতির চর্চা ও বিকাশে আমরণ ধ্যানমগ্ন ছিলেন তিনি। কথামালা, স্মৃতিচারণ, সুরের মূর্ছনা ও স্মরণগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে প্রয়াত সনজীদা খাতুনকে স্মরণ করেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
অনুষ্ঠানের শুরুতেই ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘শুভ্র সমুজ্জ্বল, হে চির-নির্মল’।
এরপর আসরের বিশেষ আকর্ষণ হিসেবে সনজীদা খাতুন স্মরণগ্রন্থ ‘কী রাগিণী বাজালে’-এর মোড়ক উন্মোচন করা হয়। সনজীদা খাতুনকে নিয়ে এই বইটি প্রকাশ করেছে ছায়ানট। রামেন্দু মজুমদার ও মফিদুল হক সম্পাদিত এই বইয়ে সনজীদা খাতুন, তার নানা কর্ম ও অবদান নিয়ে লিখেছেন দেশ-বিদেশের অনেক বাঙালি।
স্মরণগ্রন্থের সম্পাদনা ও প্রাপ্তি বিষয়ে বক্তব্য দেন বেগম আকতার কামাল। স্মরণগ্রন্থের বিষয় ও কর্মভাবনা তুলে ধরেন ভীষ্মদেব চৌধুরী।
সংগীত পর্বে একক সংগীত পরিবেশন করেন ইফ্ফাত আরা দেওয়ান, মহিউজ্জামান চৌধুরী ময়না, লাইসা আহমদ লিসা, ফারহানা আক্তার শ্যার্লি, খায়রুল আনাম শাকিল, চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়। তারা গেয়ে শোনান রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, বিজয় সরকার ও লোক ঐতিহ্যের কালজয়ী বিভিন্ন গান।
‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়’, ‘কী রাগিণী বাজালে হৃদয়ে’, ‘আমার প্রাণ বন্ধুয়ার দেশে রে’ ইত্যাদি গানের সুরে মিলনায়তন জুড়ে ছড়িয়ে পড়ে সুরের অনুরণন।
অনুষ্ঠানে সনজীদা খাতুনের লেখা থেকে পাঠ করেন জহিরুল হক খান ও সুমনা বিশ্বাস।