ভারত মহাসাগরে ইরানি তেলবাহী জাহাজে মার্কিন অভিযান

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী একটি পতাকাবিহীন ট্যাঙ্কারে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এম/টি ম্যাজেস্টিক এক্স’ নামের ওই জাহাজটিতে তল্লাশি চালানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, জাহাজটি ইরান থেকে তেল পরিবহন করছিল। এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভারত মহাসাগরে অবস্থান করছিল।

বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন বাহিনী রাতভর সামুদ্রিক হস্তক্ষেপ এবং তল্লাশি অভিযান পরিচালনা করেছে। অবৈধ নেটওয়ার্ক ভেঙে দিতে এবং ইরানকে সহায়তা দেওয়া জাহাজগুলোকে আটক করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ‘

একই সঙ্গে সতর্ক করে বলা হয়, আন্তর্জাতিক জলসীমা নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষগুলোর জন্য নিরাপদ আশ্রয় নয়।

জাহাজটিকে পতাকাবিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এটি কোনো দেশের নিবন্ধিত নয়। আন্তর্জাতিক সামুদ্রিক আইনে এ ধরনের জাহাজে তল্লাশি চালানোর ক্ষেত্রে বেশি ক্ষমতা পায় সংশ্লিষ্ট বাহিনী।

গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া অবরোধের পর থেকে সমুদ্রপথে নজরদারি ও অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে ওমান উপসাগরে একটি ইরানি জাহাজ জব্দ এবং মালয়েশিয়া ও ভারতের কাছাকাছি তিনটি সুপারট্যাঙ্কার আটক করার ঘটনাও ঘটেছে।

এদিকে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়লেও এই যুদ্ধের পরিণতি এখনও হয়নি। দুপক্ষই জাহাজ জব্দ ও হরমুজে অবরোধ দিয়ে রেখেছে।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত