তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সংবাদ আলোকচিত্র প্রতিযোগিতা। আনাদোলু আয়োজিত 'ইস্তাম্বুল ফটো অ্যাওয়ার্ডস ২০২৬'-এর বিজয়ীদের নাম আজ সোমবার (৩০ মার্চ) ঘোষণা করা হয়েছে।
এই প্রতিযোগিতায় প্রায় ১৯ হাজার ছবি জমা পড়েছিল এবং ১০টি বিভাগে ২৬ আলোকচিত্রীকে পুরস্কৃত করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আবেদনগুলোর মধ্যে ফিলিস্তিনি আলোকচিত্রী হাইথাম ইমাদের কাজ ‘গাজা, নো হোপ’ (গাজা, কোনো আশা নেই)—যা তিনি ইপিএ-এর জন্য তুলেছিলেন—সেটি ‘ফটো অব দ্য ইয়ার’ (বছরের সেরা ছবি) হিসেবে পুরস্কৃত হয়েছে।
ছবিতে একটি হৃদয়বিদারক মুহূর্ত ফুটে উঠেছে, যেখানে ২ বছর বয়সী শাম তার মায়ের কোলে ক্লান্ত হয়ে শুয়ে আছে। বছরের পর বছর ধরে ইসরাইলি হামলার শিকার দক্ষিণ গাজা উপত্যকার নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবিটি তোলা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে ইস্তাম্বুল ফটো অ্যাওয়ার্ডস একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে ২১ সহস্রাধিক আলোকচিত্রী নিবন্ধিত হয়েছেন। এ বছরের বিজয়ীদের নাম একটি অনলাইন সেশনের মাধ্যমে নির্বাচন করা হয়েছে, যেখানে আলোকচিত্র জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক জুরি বোর্ড অংশ নেয়।
জুরি বোর্ডে ছিলেন ন্যাশনাল জিওগ্রাফিক আলোকচিত্রী ও ভাইটাল ইমপ্যাক্টস-এর প্রতিষ্ঠাতা অ্যামি ভিটালে, ফটোসাংবাদিক ক্যারল গুজি, নূর এজেন্সির সদস্য ও ফটোসাংবাদিক ইউরি কোজিরেভ, দ্য গ্লোব অ্যান্ড মেইল-এর ফটোসাংবাদিক গোরান তোমাসেভিচ, গেটি ইমেজেস-এর প্রধান ক্রীড়া আলোকচিত্রী ক্যামেরন স্পেন্সার, ফটোসাংবাদিক আহমেদ সেল ও ফিরাত ইউর্দাকুল এবং সাম্প্রতিক কাজের মাধ্যমে আলোচনায় আসা নিকোল টাং ও মুহাম্মদ মুহাইসেন।
'স্টোরি নিউজ' বিভাগে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) আলোকচিত্রী জেহাদ আলশারিফি গাজা উপত্যকার ক্ষুধার সমস্যা নিয়ে তার শক্তিশালী সিরিজের জন্য প্রথম স্থান অর্জন করেন।
'সিঙ্গেল স্পোর্টস' বিভাগে এসডব্লিউপিআইএক্স-এর আলোকচিত্রী অ্যালেক্স হোয়াইটহেড চিলিতে অনুষ্ঠিত ২০২৫ ইউসিআই ট্র্যাক সাইক্লিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একটি সংঘর্ষের মুহূর্তের ছবির জন্য প্রথম হয়েছেন।
সুদানের শতবর্ষী নুবা কুস্তি ঐতিহ্যের ওপর কাজের জন্য তারিক জাইদি 'স্টোরি স্পোর্টস' বিভাগে প্রথম স্থান অধিকার করেন।
'সিঙ্গেল নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট' বিভাগে ওলেসিয়া কুরপিয়ায়ভা এএফপি-র জন্য তোলা একটি ম্যামথ শাবকের জীবাশ্মের ছবির জন্য প্রথম হয়েছেন।
জুরি বোর্ড জশ এডেলসনের তোলা ক্যালিফোর্নিয়ার দাবানলের ধ্বংসলীলার ছবিটিকে 'স্টোরি নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট' বিভাগে প্রথম হিসেবে নির্বাচিত করেছে।
দ্য নিউ ইয়র্ক টাইমসের আলোকচিত্রী সাহের আলঘোরা ফিলিস্তিনের প্রাণঘাতী খাদ্য সংকট নিয়ে তোলা ছবির জন্য 'সিঙ্গেল পোট্রেট' বিভাগে প্রথম হয়েছেন। আফগানিস্তানের ইটভাটায় কর্মরত শিশুদের নিয়ে ‘লস্ট চাইল্ডহুড’ (হারানো শৈশব) সিরিজের জন্য আরেজ ঘাদেরি 'স্টোরি পোট্রেট' বিভাগে প্রথম স্থান পান।
স্প্যানিশ আলোকচিত্রী দিয়েগো ইবারা আফগান মেয়েদের একটি উন্মুক্ত স্কুলের ছবির জন্য 'সিঙ্গেল ডেইলি লাইফ' বিভাগে এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের জন্য তোলা ‘রিম্যাজিনিং সিরিয়া’ সিরিজের জন্য 'স্টোরি ডেইলি লাইফ' বিভাগেও প্রথম স্থান অর্জন করেন।
৩০টি পুরস্কারের বিপরীতে মোট ৫৮ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছে। বিজয়ী ছবিগুলো আন্তর্জাতিক প্রদর্শনী এবং ইস্তাম্বুল ফটো অ্যাওয়ার্ডসের বার্ষিক অ্যালবামে স্থান পাবে। তুর্কসেল-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার বিস্তারিত তথ্য istanbulphotoawards.com ওয়েবসাইটে পাওয়া যাবে।
সূত্র: আনাদোলু এজেন্সি।