মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন—যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখেও কেন ইরান এখনও নতি স্বীকার করেনি। ট্রাম্পের এই প্রশ্ন তিনি করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ-এর কাছে। খবর টাইমস অব ইসরাইলের।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, প্রেসিডেন্ট কৌতূহলী যে, ইরান কেন ‘আত্মসমর্পণ’ বা নতি স্বীকার করার ঘোষণা দিচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে। ওয়াশিংটনের লক্ষ্য, ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে পদক্ষেপের রূপরেখা দিক।
অন্যদিকে, জেনেভায় মঙ্গলবার বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, দুই পক্ষ ‘দিক-নির্দেশনামূলক নীতিমালা’তে একমত হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
এক কর্মকর্তা জানান, আগামী কয়েক দিনে ইরান লিখিত প্রস্তাব জমা দিতে পারে। আরাঘচি জানিয়েছেন, তেহরানও শিগগিরই একটি খসড়া পাল্টা প্রস্তাব উপস্থাপন করবে।