দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে আগামীকাল (৮ মে) থেকে লড়বে এ দুদল।
তার আগে আজ (৭ মে) সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ জানিয়েছেন, বাবর আজমের রানে ফেরা তাদের জন্য স্বস্তির।
মাসুদ বলেন, বাবর পাকিস্তানে জন্ম নেওয়া সেরা ব্যাটারদের একজন। তাকে রানে দেখতে পাওয়া সবসময় দারুণ ব্যাপার। রান পেলে আত্মবিশ্বাসও থাকে। তিনি ফর্মে আছে, রান পাচ্ছে, এটা দারুণ ব্যাপার। আশা করি টেস্টেও পিএসএলের মতো রান পাবেন তিনি।
নতুন কোচিং সেটআপ নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, আমরা যাদের সঙ্গে খেলেছি তারাই এখন কোচ। সরফরাজ ভাই অধিনায়ক ছিলেন, উনার নেতৃত্বে খেলেছি। আসাদ শফিক ভাইও অন্যতম সেরা ব্যাটার ছিলেন যখন কিনা আমার ক্যারিয়ারের শুরু। তার নেতৃত্বেও খেলেছি। তাদের সবাইকে খুব ভালোভাবে জানি। তারাও আমাদের ব্যাপারে ভালো জানেন। নতুন কিছু মনে হচ্ছে না। তারা জানেন কীভাবে আমাদের থেকে সেরা ফলাফলটা বের করে আনতে হবে।
এর আগে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। তাই টেস্ট সিরিজ জিততে পারলে সেটার প্রতিশোধ নেওয়া হবে তাদের।
এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিশোধ নিয়ে ভাবতে চাই না। ওরা যেভাবে আমাদের টি-টোয়েন্টিতে হারিয়েছে, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। ওরা অবশ্য এই কন্ডিশনে ভালো, তবে ভালো খেলেই জিতেছে। আমরা জানি ওদের শক্তিমত্তার ব্যাপারে। মুলতানে ২৬ রানে ৬ উইকেট হারিয়েও ম্যাচ জিতেছিল। আমরা কাউকে হালকাভাবে নিব না, আবার প্রতিশোধের কথাও ভাবছি না। ভালো খেলে জিততে চাই। ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই।