রোনালদো নয়, রিয়াল কিংবদন্তির চোখে মেসিই সর্বকালের সেরা

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবলে যে তর্ক নিয়ে চায়ের কাপে ঝড় ওঠে। যাদের নিয়ে গোটা ফুটবলবিশ্বই প্রায় দু’ভাগ হয়ে যায়। সেরার বিতর্কে ভক্তরা নিজ নিজ যুক্তি দিয়ে লিওলেন মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘গোট’ স্বীকৃতি দিয়ে আসছেন। শুধু সমর্থকরাই নয়, সাবেক-বর্তমান ফুটবলার থেকে কোচরা পর্যন্ত মাঝেমধ্যেই সর্বকালের সেরা বিতর্কে জড়িয়ে গেছেন। এবার এ আলোচনায় ক্রিস্তিয়ানো রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের এক কিংবদন্তি বেছে নিলেন ‘সর্বকালের সেরা ফুটবলারকে।

সচরাচর ক্লাবের সতীর্থ কিংবা নিজ ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের প্রতি পক্ষপাতিত্ব দেখা যায়। তবে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেজ ক্লাবের আবেগ একপাশে রেখে ইতিহাসের সেরা ফুটবলার বেছে নিয়েছেন। রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই কিংবদন্তির চোখে রোনালদো নয়, বরং মেসিই ইতিহাসের সেরা।

স্পেনের সাবেক এই ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে ৭১৪ ম্যাচে ৩২৩ গোল করেছেন। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে নিজের সময়ে খেলেছেন বহু রথী-মহারথীদের সঙ্গে। জিদান, ক্রিস্তিয়ানো রোনালদো, ব্রাজিলিয়ান রোনালদো, লুইস ফিগোর মতো কিংবদন্তিদের সতীর্থ ছিলেন তিনি। তবু তাঁদের সবার ওপরে রাউলের পছন্দ একজনই—লিওনেল মেসি।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে রাউল ব্যাখা করেন কেন তাঁর কাছে আর্জেন্টিনার মহাতারকা মেসি সেরা। রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড রোনালদো ও জিনেদিন জিদানের চেয়েও এগিয়ে রাখছেন। 

রাউলের মতে, মেসির সবচেয়ে বড় শক্তি হলো—অনেকের জন্য যেটা অসম্ভব বা অন্যদের পক্ষে যা কল্পনাও করা কঠিন, সেই কাজটাই অনায়েসে করেন মেসি। আর সেই অনন্য দক্ষতাই তাঁকে আলাদা করে তোলে এবং রোনালদো ও জিদানের মতো কিংবদন্তিদের মাঝেও রাউলের চোখে মেসিকে শীর্ষে স্থান দেয়, ‘জিদান, ক্রিশ্চিয়ানো, রোনালদো, ফিগোর মতো খেলোয়াড়দের সঙ্গে খেলার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু আমার মনে হয়, মেসিই সেরা। সে একেবারেই আলাদা। অসম্ভব বলে মনে হওয়া কাজগুলোকে এমন সহজ করে ফেলে, যেন রাস্তায় বন্ধুদের সঙ্গে খেলছে।’

বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ প্রান্ত আছেন মেসি-রোনালদো দু’জনই। অবশ্য বয়সকে সংখ্যা বানিয়ে এখনও মাঠে নামলে গোল-অ্যাসিস্টে দলের হয়ে নিয়মিত অবদান রাখছেন ইন্টার মায়ামি ও আল নাসরের মহাতারকা। আগামী জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপ দু’জনেরই ‘লাস্ট ডান্স’। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের পর ‘গোট’ বিতর্কে অনেকটাই এগিয়ে যান মেসি। পুরো ক্যারিয়ারে চিরপ্রতিদ্বন্দ্বির সঙ্গে প্রায় সমানতালে লড়ে যাওয়া রোনালদো কী এবার বিশ্বকাপ জিতে সর্বকালের সেরা বিতর্ক আরও উশকে দিতে পারেন কিনা সেটাই দেখার।

বিষয়:

মেসি ফুটবল
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত