“মাদককে না বলুন, খেলাধুলায় উৎসাহিত হন”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে পাঁচ কিলোমিটার এ ম্যারাথনে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
শুক্রবার সকাল ৭টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব ওবায়দুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিভিন্ন বয়সী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে শিল্প সচিব প্রথম ১০ জনকে বিশেষ পুরস্কার এবং ২০০ জন অংশগ্রহণকারীকে মেডেল পরিয়ে দেন।
ম্যারাথন প্রতিযোগিতায় শালিখা উপজেলার হাসিবুল প্রথম স্থান অধিকার করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজসেবার সরকারি পরিচালক জাহিদুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মোরসালিন আলী শুভ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট একরামুল কবির রোমেল। শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মাগুরায় প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি আরও ভালো কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে মাগুরায় করোনা সহায়তা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, ১০ টাকার সদাই, শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।