সংবাদপত্র প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৪২
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে একটি চারতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাব্বিরের ভাড়া করা এই ফ্ল্যাট থেকে একটি পিস্তল ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
আটক সাব্বির শহরের চাঁচড়া রায়পাড়ার মশিয়ার রহমান খোকনের ছেলে। সাব্বির আলোচিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, আটক সাব্বির অনেকদিন ধরে ঘোপ সেন্ট্রাল রোডের ওই ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করছিলেন এবং সেখান থেকেই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাব্বিরকে আটকের সময় তার ফ্ল্যাটের রান্নাঘর থেকে একটা পিস্তল এবং তার খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গোল্ডেন সাব্বির যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে সন্ত্রাসী তানভীর হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে যশোরের অপরাধ জগতে সন্ত্রাসী হিসেবে পরিচিত।
এর আগেও ২০২০ সালে তাকে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্যসহ আটক করা হয়েছিল। সেসময় তার সঙ্গে আরও দুই সহযোগীকেও আটক করা হয়। বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।