বগুড়ার ৭টি আসনে তারেক রহমানসহ ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, বাতিল ১২

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেয়া ৩৯ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই কালে ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এই ৭টি আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বৈধ প্রার্থিতা পেয়েছেন ২৬ জন। শুক্রবার ও শনিবার (২-৩ জানুয়ারি) বগুড়ার এই সাত সংসদীয় আসনের যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়।

বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে মনোনয়নপত্র দাখিল করা সাত প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়ন বাতিল করা হয়। তিনি এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও ভোটারদের স্বাক্ষর ও তথ্যের মধ্যে গড়মিল পাওয়া যায়। একই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশার মনোনয়নও বাতিল করা হয়।

এই আসনে মনোনয়ন বৈধ হওয়া পাঁচজন হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক এবং গণফোরামের জুলফিকার আলী।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু এবং গণঅধিকার পরিষদের সেলিম সরকারের মনোনয়ন বাতিল ঘোষিত হয় এই আসনে।

এই আসনে মনোনয়নের বৈধতা পেয়েছেন বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই আসনে মনোনয়ন বৈধ হওয়া চারজন হলেন বিএনপির আব্দুল মহিত তালুকদার, জাতীয় পার্টির শাহিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ।

বগুড়া-৪ আসনে মনোনয়ন জমা দেয়া ৫ প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষিত হয়েছে। এই আসনের প্রার্থীরা হলেন বিএনপির মোশারফ হোসেন, জামায়াতের মোস্তফা ফয়সাল পারভেজ, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস ও ইসলামী আন্দোলনের  ইদ্রিস আলী।

বগুড়া-৫ আসনে মনোনয়ন জমা দেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে এলডিপির খান কুদরত ই সাকলায়েনের মনোনয়ন বাতিল করেছেন নির্বাচন কমিশন। এই আসনে তাদের ঘোষিত বৈধ প্রার্থী হলেন বিএনপি'র গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতের দবিবুর রহমান, সিপিবির শিপন কুমার রবিদাস ও ইসলামী আন্দোলনের মীর মাহমুদুর রহমান।

বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়ন ছাড়া বাকি তিনটি মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। তাতে বাদ পড়েন বাদস,জেএসডি ও ইসলামী আন্দোলনের প্রার্থী।

বগুড়া-৭ আসনে মনোনয়ন জমা দেয়া ৫ জনের মধ্যে বাংলাদেশ মুসলিম লীগের আনসার আলীর মনোনয়ন বাতিল করা হয়। মৃত্যুবরণ করায় সমাপ্ত ঘোষণা করা হয় বেগম খালেদা জিয়ার মনোনয়নের কার্যক্রম। এই আসনের তিন বৈধপ্রার্থী বিএনপি'র মোরশেদ মিল্টন, জামায়াতে ইসলামের গোলাম রাব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত