কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে সাড়ে পাঁচ হাজার লিটার তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে মেসার্স জলিল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, কুমিল্লা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানার ওসি এবং সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিন জব্দ করা হয়।
অভিযানে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ব্যবসায়ী আব্দুল জলিলকে আটক করে পুলিশ।
নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।