প্রতিবেশীর ঘরে তিন বছরের শিশুর গলাকাটা লাশ

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় প্রতিবেশীর ঘরের ভেতর থেকে অংকিত বর্মণ (৩) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর বর্মণ পরিবারসহ ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। শিশু অংকিতের দাদি বিশু রানি বর্মণও ছেলের সঙ্গে ঢাকায় থাকেন। সম্প্রতি তারা সবাই গ্রামে বেড়াতে আসেন। সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল সে। এ সময় পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে বাইরে ছিলেন। শিশুটির দাদিও কিছু সময়ের জন্য পাশের একটি বাড়িতে যান।

পরে ফিরে এসে অংকিতকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের বাড়ির একটি কক্ষে বিছানার ওপর গলাকাটা অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা সোহাগ বর্মণ বলেন, আমরা বাড়ির আশপাশেই ছিলাম। মা কিছু সময়ের জন্য পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে অংকিতকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীর ঘরে তাকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। আমরা এ ঘটনার বিচার চাই।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয়:

নেত্রকোনা
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত