কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল সরকারের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
জিয়ারকান্দি মাতৃছায়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ যোগদান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জিয়ারকান্দি এলাকায় কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার একটি নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মিছিল নিয়ে জিয়ারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপির সমাবেশে উপস্থিত হন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দলের কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন সরকার প্রমুখ।
জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল সরকার বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু ভালো কাজ করার জন্য তেমন সুযোগ পাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু নৌকা প্রতীকের প্রার্থী আমার ভোটগুলো ছিনিয়ে নিয়েছেন। দল থেকে মূল্যায়নের পরিবর্তে অবমূল্যায়ন পেয়েছি। অবমূল্যায়নের কারণে দলের নেতাকর্মীদের প্রতি বিরক্ত হয়ে আওয়ামী লীগ সরকারের আমলেই আমি দল থেকে পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু পরিবেশ–পরিস্থিতির কারণে সুযোগ পাইনি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দল থেকে পদত্যাগ করতে চেয়েছিলাম। দেশের পরিস্থিতির কারণে সুযোগ পাইনি। ভোট তো কাউকে না কাউকে দিতে হবে। অনেক চিন্তাভাবনার পর মঙ্গলবার দল থেকে পদত্যাগ করেছি
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা বুঝেশুনে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি।
উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া বলেন, আজমল সরকার শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন। বিএনপি একটা আদর্শের প্ল্যাটফর্ম। এখানে ইতিবাচক মানসিকতা নিয়ে যেকোনো লোক আসতে পারে। পরিচ্ছন্ন মানুষের জন্য বিএনপির দরজা সব সময় খোলা থাকবে।