সাবেক সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি মেজর জেনারেল (অব.) হামিদুল হকের ব্যাংকে থাকা ৪টি হিসাবের মোট ৪০ কোটি টাকা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, মেজর জেনারেল (অব.) হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
এছাড়া, অভিযোগ রয়েছে তিনি ব্যাংকে থাকা অর্থ উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন, যা তদন্তের স্বার্থে গুরুতর বাধা হয়ে দাঁড়াতে পারে। এমন পরিস্থিতিতে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা অত্যাবশ্যক।
এর আগে গত ২১ এপ্রিল আদালত হামিদুল হক ও তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
দুদক জানিয়েছে, চলমান অনুসন্ধানে নতুন তথ্য প্রাপ্তির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।