এপস্টেইন ফাইলসে নাম থাকা নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

সংবাদপত্র প্রতিবেদক
বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ ছবি: সংবাদপত্র
বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ ছবি: সংবাদপত্র

সম্প্রতি প্রকাশিত এপস্টেইন ফাইলস বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এসব নথিতে রাজনীতি, ব্যবসা ও বিনোদন জগতের বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত এই নথিতে আলোচিত ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে যোগাযোগের তালিকায় ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের নামও দেখা গেছে। 

প্রতিবেদন অনুযায়ী, এপস্টেইন ফাইলসে অনুরাগ কাশ্যপকে ‘দ্য বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, চীনের সাংহাইয়ে প্রস্তাবিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তাকে বিবেচনা করা হয়েছিল। 

তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অনুরাগ কাশ্যপ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এ নিয়ে নির্মাতা বলেন, ‘এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি প্রতি মাসে প্রায় ১৫টি বক্তৃতার আমন্ত্রণ পাই, যেগুলোর বেশির ভাগেরই জবাব দেই না। আর আমি জীবনে কখনো বেইজিংয়ে যাইনি।’ নথিগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কাশ্যপ বলেন, ‘এটা কিছু এলোমেলো ইমেইল ছাড়া আর কিছুই নয়। আমার নাম নিয়ে ক্লিকবেইটই আমার ছবির চেয়ে বেশি জনপ্রিয়।’ 

বর্তমানে কাশ্যপ তার নতুন ছবি ‘কেনেডি’ মুক্তির অপেক্ষায় রয়েছেন, যা শিগগিরই জি৫-এ মুক্তি পাবে। 

উল্লেখ্য, অনুরাগ কাশ্যপ ছাড়াও এপস্টেইন ফাইলসে আরও নাম এসেছে নির্মাতা মীরা নায়ার এবং অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাসের। আর আন্তর্জাতিক পর্যায়ে এই নথিতে উল্লেখ রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত সপ্তাহে জেফরি এপস্টেইন সংক্রান্ত নতুন এই নথিগুলো প্রকাশ করে। এতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের যোগাযোগের তথ্য উঠে এসেছে। ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে বিচারাধীন অবস্থায় আত্মহত্যা করেন জেফরি এপস্টেইন। 

বিষয়:

বলিউড
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত