ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আরও চারজন ইসরাইলি আহত হয়েছেন। একটি মিসাইল তেল আবিব শহরজুড়ে আছড়ে পড়ায় তারা আহত হয়েছেন বলে ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়েছে, যার ফলে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
চ্যানেল ১২ জানিয়েছে, শহরের একটি স্থানে ধ্বংসাবশেষের আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের রেভল্যুশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ-কমান্ডার নিহত হওয়ার দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম।
ইসরাইলি সংবাদমাধ্যম দাবি করেছে, আইআরজিসির নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কমান্ডার নিহত হয়েছেন।
চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ওই কমান্ডার বন্দর আব্বাসে নিহত হয়েছেন। তিনি হরমুজ প্রণালি বন্ধ করার প্রচেষ্টার দায়িত্বে ছিলেন।
চ্যানেল ১৪-ও খবর দিয়েছে যে, রেভল্যুশনারি গার্ড নৌবাহিনীর কমান্ডারকে ‘খতম’ করা হয়েছে।
তবে এই দাবির বিষয়ে ইরানি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সূত্র: মিডল ইস্ট আই।