আবেগ ও ভালোবাসায় বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রেজাউল করিমকে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আব্দুল হাই মিলনায়তনে বিদায় সংবর্ধনা হয়।
শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় স্মৃতি, কৃতজ্ঞতা ও অশ্রুজলের সংমিশ্রণে অনুভূতি প্রকাশের এক অনন্য মিলনমেলায়।
অনুষ্ঠানস্থল সাজানো হয় বিশেষ আবহে। বিদায়ের বিষন্নতার ও শ্রদ্ধার আবহকে আরও গভীর করে তোলা হয়। সাদা কালো বেলুন ও ব্যানারে ফুটে ওঠে প্রিয় শিক্ষকের প্রতিচ্ছবি যিনি শিক্ষার্থীদের অভিভাবকসম ও সহকর্মীদের প্রেরণার উৎস ছিলেন বলে জানান অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন এমএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশীদ, ঢাকা সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর পারভীন সুলতানা। আলোচনা শেষে বিদায় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়।
প্রসঙ্গত বিদায় সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম খুলনার উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক পদে নিযুক্ত হয়েছেন।