ত্যাগী যোগ্য অভিজ্ঞ আইনজীবীকে নিয়োগে দাবী
এটর্নি জেনারেল পদে নিয়োগে আইনজীবীদের প্রত্যাশা
সুপ্রিম কোর্ট প্রতিবেদক:
রাস্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল পদে কে আসছেন এ নিয়ে বেশকিছুদিন ধরে নানা গুঞ্জন চলছিল।
বেশকিছু গণমাধ্যমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির টানা তিন বারের সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে ঘিরেই বেশকিছু গণমাধ্যমে সম্ভাব্য এটর্নি জেনারেল হিসেবে প্রতিবেদনও.
এ আলোচনার মধ্যেই সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নাম কয়েকটি গণমাধ্যমে এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাচ্ছেন বলে সংবাদ প্রকাশ করে।
এ খবরে আইনজীবীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন নেতা যিনি বিগত আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি বলেন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী মানুষ হিসেবে ভাল। তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। রাষ্ট্রের এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ ও দায়িত্ব পালনে আরও ত্যাগী অভিজ্ঞ ও নেতৃত্ব গুণসম্পন্ন পরীক্ষিত আইনজীবী সুপ্রিম কোর্টে রয়েছেন। সেটি বিবেচনায় নেয়া হবে বলো প্রত্যাশা করেন এ আইনজীবী নেতা।
সুপ্রিম কোর্টে একজন ডেপুটি এটর্নি জেনারেল নাম প্রকাশ না করা শর্তে বলেন, আমাদের অতীত দেখতে হবে কারা বিগত সময়ে এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশবরেণ্য আইনজীবী প্রয়াত মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রফিক উল হক, এএফ হাসান আরিফ, এজে মোহাম্মদ আলী, মাহবুবে আলমের নামোল্লেখ করেন। বিশিষ্ট এই আইনজ্ঞগণ আইনজীবী হিসেবে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বেও আইনজীবীদের অভিভাবক ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্ব অলংকৃত করেছেন তারা। পাশাপাশি সর্বোচ্চ আদালতের আইন পেশা ও আইন চর্চাকে নিয়ে গেছেন ভিন্নমাত্রায়।
এই আইন কর্মকর্তা বলেন, সর্বশেষ এটর্নি জেনারেল মো আসাদুজ্জামান ইতিহাসের এক সন্ধিক্ষণে রাস্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
দায়িত্ব পালনকালে বিভিন্ন মামলায় এটর্নি জেনারেল হিসেবে মো.আসাদুজ্জামান তার আইনি লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার সময়ে বিচার বিভাগ পৃথকীকরণে বৈপ্লবিক অর্জন রয়েছে। এটর্নি জেনারেল হিসেবে পদত্যাগ করে লাখো ভোটের ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের আইনমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এখন আরও বড় পরিসরে অবদান রাখছেন। এটর্নি জেনারেল হিসেবে যারা ইতোপূর্বে দায়িত্ব পালন করেছেন তারই ধারাবাহিকতায় নতুন এটর্নি জেনারেলের নিয়োগ হবে বলে আশাবাদ প্রকাশ করেন এ ডেপুটি এটর্নি জেনারেল। তবে এটর্নি জেনারেল যিনিই হবেন তার অধিনে ও তত্ত্বাবধানেই এটর্নি জেনারেল অফিসকে দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকার দেশের বিচার বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা পদে নিশ্চয়ই যোগ্য দক্ষ অভিজ্ঞ ও নেতৃত্বে প্রতিষ্ঠিত কাউকে নিয়োগ দিবেন বলে আশা প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালতের আইনজীবীরা।
একটি দীর্ঘ লড়াই ও ত্যাগের মধ্য দিয়ে আজকের অবস্থায় আমরা উপনীত হয়েছি। এগুলো বিবেচনায় নিয়ে বিচার বিভাগে সমৃদ্ধ আগামী বিনির্মানে ত্যাগী যোগ্য অভিজ্ঞ আইনজীবী ও নেতৃত্বই এটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে দায়িত্বশীল কয়েকজন নেতা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সূত্র জানায়, এটর্নি জেনারেল নিয়োগ বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টের বেশকজন সিনিয়র এডভোকেট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দায়িত্বশীল নেতৃত্ব হতাশা প্রকাশ করেন। এটর্নি জেনারেল নিয়োগ গ্রহনযোগ্য না হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দীর্ঘ লড়াই ও ত্যাগ ম্লান হতে পারে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন ও ফোরামের আগামী কার্যক্রমে সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট দিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
অনেক আইনজীবী ফেসবুক পোস্ট তাদের দাবী জানান। এসব পোস্টে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো.রুহুল কুদ্দুস কাজলকে এটর্নি জেনারেল হিসেবে নিয়োগে দাবী জানান। তারা তাদের পোস্টে বিগত সময়ে ব্যারিষ্টার মো.রুহুল কুদ্দুস কাজলের সংগ্রাম ও ত্যাগ তুলে ধরেছেন।
