মোংলা বন্দরের পশুর নদীতে ফ্লাইঅ্যাশবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (২৭ জুন) সকাল ৬টার দিকে মোংলা নদী ও পশুর নদীর ত্রিমোহনা সংলগ্ন চরে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া জাহাজটির নাম এম ভি মিজান-১। এটি ভারতের কলকাতার ভেন্ডেল এলাকা থেকে ৯১৪ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ নিয়ে ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথিমধ্যে যাত্রাবিরতিকালে মোংলায় অবস্থানকালে দুর্ঘটনার শিকার হয় জাহাজটি।
জাহাজটির চালক মো. শওকত শেখ জানান, পশুর চ্যানেলে অ্যাংকর করা অবস্থায় তাদের জাহাজের সঙ্গে অপর একটি লাইটার কার্গো জাহাজ এম ভি কে আলম গুলশান-০২ ধাক্কা দেয়। এতে এম ভি মিজান-১ এর পাশ ও তলা ফেটে গেলে জাহাজটি ডুবে যায়।
ভাগ্যক্রমে জাহাজে থাকা ১০ জন স্টাফ সবাই সাঁতরে নিরাপদে কূলে উঠেছেন বলে নিশ্চিত করেছেন চালক শওকত শেখ।
এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, “কার্গো জাহাজটি একটি লাইটার জাহাজের ধাক্কায় ডুবে গেলেও বন্দর চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে। এতে করে বন্দর ব্যবহারকারী অন্য কোনো নৌযান চলাচলে বিঘ্ন ঘটেনি।”
দুর্ঘটনাকবলিত স্থানে উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ।