পরীক্ষার খাতা যথাযথ মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত সময়ে পাশের হার বাড়ানোর জন্য পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন না করেই অনেক শিক্ষার্থীকে পাশ করানো হয়েছে। শিক্ষার্থীরা কী লিখেছে তা যাচাই না করেই নম্বর দেওয়া হয়েছে। এবারে খাতা সঠিকভাবে দেখা হবে এবং যে নম্বর পাওয়ার কথা সেটাই দেওয়া হবে। 

রোববার আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে ঢাকা অঞ্চলের অধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভায় এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। 

সভায় জানানো হয়, এসএসসি পরীক্ষা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। বিদ্যুৎ বা প্রযুক্তিগত ত্রুটির কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনে আর্কাইভ ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে র‌্যান্ডম চেকিং এবং রি-এক্সামিনেশনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এতে যেসব শিক্ষার্থী কম নম্বর পেয়েছে, তারা উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন।

এহছানুল হক মিলন আরও বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ও সময়সূচি পূর্ববর্তী সরকার নির্ধারণ করে গেছে এবং এতে তার কোনো ভূমিকা ছিল না। এ কারণে এবারের ফলাফল কেমন হবে, তা নিয়ে তিনি চিন্তিত। 

এ সময় শিক্ষামন্ত্রী আগামী ছয় মাসের মধ্যে শিক্ষকদের বেতনসহ যৌক্তিক দাবি নিয়ে ইতিবাচক সংবাদ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত