জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, নারীদের কর্মঘণ্টা কমানো নিয়ে জামায়াত ইসলামীর বক্তব্যতে অসামঞ্জস্য রয়েছে। নারীদের কর্মস্পৃহা বাড়াতে কাজ করার বদলে এই ধরনের আলোচনা আসা দুঃখজনক।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিজ মিলনায়তনে 'গণতন্ত্র বিনির্মাণে নারী: আমরা কী পেলাম' শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গণভ্যুত্থানের পর সংসদে সংরক্ষিত আসন নিয়ে একটা পরিবর্তন আসার সুযোগ তৈরি হয়েছিল। তবে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। শহর ও প্রান্তিক নারীদের মধ্যে নীতি নির্ধারণে সমানভাবে সুযোগ দিতে হবে। এ সময় পরিবেশ নিরাপদ না করলে নারীরা কেন রাজনীতিতে আসবে এমন প্রশ্নও রাখেন তিনি।
অধ্যাপক সামিনা লুৎফা বলেন, নারীদের আবারও ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলার চেষ্টা চলছে। বিশ্বজুড়েই নারী-পুরুষ সবারই শ্রমঘণ্টা কমানো ও অবসর নিয়ে আলোচনা হচ্ছে। তবে শুধু নারীর শ্রমঘণ্টা কমানোর কথা বললে তার উদ্দেশ্য নিয়ে গবেষণা প্রয়োজন। এ সময় ৫ ঘণ্টার কম কাজ করলে অনেক কোম্পানি নারীকে নিয়োগ দিতে চাইবে না বলেও মন্তব্য করেন তিনি।