মাদুরোকে কড়া নিরাপত্তায় নিউইয়র্কের আদালতে নেয়া হলো

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া নিরাপত্তায় নেয়া হলো নিউ ইয়র্কের আদালতে। এ সময় তার চারপাশে ছিল সশস্ত্র কড়া নিরাপত্তা। সবশেষ খবর, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিয়ে নিরাপত্তারক্ষীরা এরইমধ্যে পৌঁছেছে ম্যানহাটন কোর্ট বিল্ডিংয়ে। সেখানেই আজ তাদের হাজির করার কথা।

এর আগে, ম্যানহাটন কোর্টে একটি হেলিকপ্টারে নেয়া হয় মাদুরোকে। তার সঙ্গে তার স্ত্রী ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়।

হেলিকপ্টার থেকে নামার সময় মাদুরোকে কয়েকজন মার্কিন মাদকবিরোধী সংস্থা ডিইএ’র এজেন্ট ঘিরে রাখেন। মাদুরো ও তার স্ত্রী দুজনের পরনেই কারাবন্দিদের মতো পোশাক দেখা গেছে।

মাদুরোকে যখন হেলিকপ্টার থেকে নামানো হয়, তখন তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার আহ্বান কিউবার

ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছে কিউবা। ভেনেজুয়েলাভিত্তিক সংবাদমাধ্যম টেলেসুরের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় রাষ্ট্রগুলোর জোট সেলাক-এর এক জরুরি শীর্ষ সম্মেলনে বক্তব্য দেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। তিনি বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ একটি 'ঐতিহাসিক ও অস্তিত্বগত হুমকি'। যা রাজনৈতিক ও আদর্শিক বিভাজনের ঊর্ধ্বে গিয়ে পুরো অঞ্চলের জন্য ঝুঁকি তৈরি করেছে।

ব্রুনো রদ্রিগেজ আরও বলেন, লাতিন আমেরিকা কোনো বিতর্কিত ভূখণ্ড নয়। এই অঞ্চল কারও সম্পত্তি নয়, জনগণের সার্বভৌমত্বই এর একমাত্র মালিক।

ভেনেজুয়েলা ভ্রমণে নাগরিকদের সতর্ক করল রাশিয়া

ভেনেজুয়েলায় ভ্রমণ না করতে রুশ নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস'র প্রতিবেদনে বলা হয়েছে, কারাকাসে অবস্থিত রুশ দূতাবাস এ সতর্কতা জারি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাশিয়া সরকার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একে ভেনেজুয়েলার বিরুদ্ধে 'সশস্ত্র আগ্রাসনের একটি কর্মকাণ্ড' হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত