ঘূর্ণিঝড় 'ক্লডিয়া'র তাণ্ডবে পর্তুগালে তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। একই সময় ব্রিটেনে, বিশেষ করে ওয়েলস ও ইংল্যান্ডে বন্যার কারণে উদ্ধারকর্মীরা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ করছে। রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
দক্ষিণ-পূর্ব ওয়েলসে এখনও চারটি সতর্কবার্তা জারি আছে। ইংল্যান্ডে বন্যা তুলনামূলকভাবে কম, তবে ৪২টি এলাকা এখনও ঝুঁকিপূর্ণ।
যুক্তরাজ্যে ঠাণ্ডা আবহাওয়া শুরু হওয়ার আগে এই ঝড়ে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পর্তুগালে এক ৮৫ বছর বয়সী ব্রিটিশ নারী ঝড়ে প্রাণ হারিয়েছেন।
ইংল্যান্ডের এনভায়রনমেন্ট এজেন্সি জানিয়েছে, ক্লাউডিয়া ঝড়ের কারণে কমপক্ষে ২০টি বাড়ি বন্যার কবলে পড়েছে। এজেন্সির কর্মীরা জরুরি এলাকায় আবর্জনা সরানো ও অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ করছে।
দেশটির অন্তত ৪২টি স্থানে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে রেল চলাচল। অন্যদিকে ঝড়ো বাতাস ও ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত পর্তুগাল ও স্পেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবীরা।