ভোটার তালিকা থেকে লাখ লাখ মানুষের নাম বাদ পড়া এবং হিন্দুত্ববাদ ও ‘ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ভারতের গণতান্ত্রিক কাঠামো বদলে যাওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে।
ভারতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলোর ফলাফল দেশটির সমসাময়িক রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক অধ্যায় তৈরি করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে—১০ কোটিরও বেশি মানুষের এই সীমান্ত রাজ্যে—যেখানে দীর্ঘকাল ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অগ্রযাত্রা থমকে ছিল।
ইতিহাসে প্রথমবারের মতো বাংলা দখল করল বিজেপি। এখন পর্যন্ত ঘোষিত ২৯৩টি আসনের মধ্যে তারা পেয়েছে ২০৭টি, আর তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮০-তে। একটি আসনে পুনরায় ভোট গ্রহণ হবে।
বিজেপির এই বিশাল বিজয় ভারতের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে। তবে এই ফলাফল একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর ও মৌলিক প্রশ্নও তুলে দিয়েছে।
নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ভোটার তালিকার একটি ব্যাপক ও বিতর্কিত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম চালায়। কমিশন বলেছিল—নকল, মৃত বা ‘অযোগ্য’ ভোটারদের বাদ দিতেই এই উদ্যোগ। পশ্চিমবঙ্গজুড়ে প্রায় ৯০ লাখ নাম—যা মোট ভোটারের প্রায় ১২ শতাংশ—শুরুতেই এই প্রক্রিয়ার আওতায় আসে, যার বড় অংশই শেষ পর্যন্ত বাদ পড়েছে।
অভিযোগ রয়েছে, এই প্রক্রিয়ায় মুসলিম, অভিবাসী শ্রমিক এবং দরিদ্র ভোটারদের লক্ষ্যবস্তু করা হয়েছে; বিশেষ করে সেই সব জেলায় যেখানে বিজেপি ঐতিহাসিকভাবে পিছিয়ে ছিল। বিজেপির জয়ী হওয়া অনেক আসনেই দেখা গেছে, ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা জয়ের ব্যবধানের চেয়ে অনেক বেশি।
এর ফলাফল অত্যন্ত ভয়াবহ। মনে হচ্ছে ভারত যেন নির্বাচনী বিকৃতি ছাড়িয়ে এখন ‘গণ-ভোটাধিকার হরণ’-এর পর্যায়ে পৌঁছে গেছে।
বাংলা ভারতের অন্য দশটি রাজ্যের মতো নয়। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগের রক্তক্ষয়ী অভিজ্ঞতার মধ্য দিয়ে জন্ম নেওয়া এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। ভারতের রাজনৈতিক মানসে বাংলার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ মুসলিম এবং তারা ঐতিহ্যগতভাবে বিজেপির উত্থান ঠেকাতে কৌশলগত ভোট দিয়ে আসছিল।
ঠিক এই কারণেই মোদির কাছে বাংলা জয় এত বেশি গুরুত্বপূর্ণ ছিল।
গত এক দশকে বিজেপি রাজ্যে দ্রুত বিস্তার ঘটালেও ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়েছিল। ফলে ২০২৬ সালের এই নির্বাচনটি ছিল একই সঙ্গে মমতার দুর্বল হতে থাকা সরকারের ওপর গণভোট এবং ভারতীয় নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতার এক কঠিন পরীক্ষা।
পুরো বিতর্কের মূলে ছিল ‘এসআইআর’ প্রক্রিয়া। ২০২৫ সালের জুনে বিহারে এটি প্রথম চালু হয় এবং পরে পশ্চিমবঙ্গসহ নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়।
এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই করেন। নাগরিকদের অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে নথিপত্র দিয়ে তাদের ভোটাধিকার প্রমাণ করতে বলা হয়। ব্যর্থ হলে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার নিয়ম করা হয়।
থেকে নাম উধাও হওয়ার পর লাখ লাখ মানুষ আপিল করেছিলেন। কিন্তু ভোটের আগে প্রায় ৩৪ লাখ আপিল ঝুলে ছিল, যার মধ্যে মাত্র ২ হাজারেরও কম নিষ্পত্তি হয়েছে। আদালত রায় দেন যে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ভোটাররা ভোট দিতে পারবেন না। এই রায়ের মাধ্যমে কার্যত বিশাল পরিসরে ভোটাধিকার হরণকে বৈধতা দেওয়া হলো।
ব্যক্তিগতভাবে আমি নিজেও এই প্রক্রিয়ার সম্মুখীন হয়েছি। উত্তর প্রদেশে আমার পরিবারকে ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখতে পুনরায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। বাংলার তুলনায় সেখানে সময় কিছুটা বেশি পাওয়া গেলেও পুরো প্রক্রিয়াটি ছিল হয়রানিমূলক। বয়স্ক মানুষ, অভিবাসী এবং দরিদ্রদের জন্য এই আমলাতান্ত্রিক গোলকধাঁধা অতিক্রম করা প্রায় অসম্ভব ছিল। বেশ কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগত আলাপচারিতায় স্বীকার করেছেন যে, হিন্দু ভোটারদের তুলনায় মুসলিমদের নাম বাদ পড়ার ভয় ছিল অনেক বেশি।
শেষ পর্যন্ত বাংলায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম তালিকা থেকে চূড়ান্তভাবে বাদ পড়ে। নির্বাচনের দিন আরও কয়েক লাখ মানুষের আপিল অমীমাংসিত থেকে যায়।
বিজেপি মোট ভোট পেয়েছে ২,৯২,২৪,৮০৪টি, যা তৃণমূলের (২,৬০,১৩,৩৭৭) চেয়ে ৩২,১১,৪২৭টি বেশি। আসনভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিজেপি যেসব আসনে জিতেছে, সেখানে বাদ পড়া ভোটারের সংখ্যা জয়ের ব্যবধানকে ছাপিয়ে গেছে।
তাই এই দাবি করা সংগত যে, নির্বাচনী ফলাফল রাষ্ট্রযন্ত্র ও নির্বাচন কমিশনের সহায়তায় ‘ছিনতাই’ হওয়ার সন্দেহ অমূলক নয়। যদিও কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল নিরপেক্ষ থাকা।
বিজেপির এই বিজয় সম্ভব হয়েছে একটি কট্টর হিন্দুত্ববাদী প্রচারণার মাধ্যমেও, যেখানে মমতার সরকারকে ‘মুসলিম তোষণকারী’ হিসেবে অতিরঞ্জিত করে হিন্দুদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করা হয়েছিল।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোটসঙ্গীদের ওপর নির্ভরশীল হওয়ার পর বিজেপি তাদের নির্বাচনী কৌশলে পরিবর্তন আনে। এর একটি অংশ ছিল আসন সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন), যা উত্তর ভারতের হিন্দু-অধ্যুষিত এলাকাগুলোর অনুকূলে যাবে। আসামেও এই সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে মুসলিমদের নির্বাচনী প্রভাব কমিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হলো এই ‘এসআইআর’ প্রক্রিয়া, যার বড় প্রভাব দেখা গেল বাংলায়। আর তৃতীয়টি হলো ‘এক দেশ এক নির্বাচন’ ব্যবস্থা। প্রশাসনিক সংস্কার বলা হলেও, এর লক্ষ্য হলো মোদির হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং আঞ্চলিক দলগুলোকে দুর্বল করে দেওয়া।
এই সব উন্নয়ন একত্রে এটাই ইঙ্গিত দেয় যে, ভারতের গণতান্ত্রিক কাঠামোকে স্থায়ীভাবে বদলে ফেলার চেষ্টা চলছে। ভারতের বিশাল অংশ এখন বিজেপির হিন্দুত্ববাদী মতাদর্শের কব্জায়। নির্বাচনী ও গণতান্ত্রিক স্বচ্ছতা নষ্ট হওয়ার মাধ্যমে ভারতের বর্তমান ধারণা ও ভাবমূর্তি বিলুপ্ত হওয়ার পথে। তার জায়গায় জেঁকে বসছে এক কর্তৃত্ববাদী ও সংখ্যাগরিষ্ঠতাবাদী ব্যবস্থা।
লেখক: দিল্লিভিত্তিক লেখক ও সাংবাদিক। হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। তার লেখা উল্লেখযোগ্য বই ‘নরেন্দ্র মোদি: দ্য ম্যান, দ্য টাইমস’।