ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‌‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা। যার ট্রেলার, টিজার এবং ভিন্ন ভিন্ন লুক প্রকাশের মাধ্যমে ইতোমধ্যে দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাাট ঘিরে হল মালিকরাও বেশ আগ্রহী। অগ্রিম টিকিট বুকিংয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকেই প্রকাশ পাবে ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গানটির  গীতিকার রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান মাহমুদুল।

রোমান্টিক আবহের এই গানটি সিনেমার গল্পের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহার করা হয়েছে। ফলে গানটি নিয়ে দর্শকের আগ্রহও বেশি বলে জানা গেছে।

এর আগে ‘প্রিন্স’ সিনেমার ট্রেলার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে শাকিব খানের নতুন লুক ও অ্যাকশন ঘরানার উপস্থাপনা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

নির্মাতাদের প্রত্যাশা, ঈদের আগে প্রকাশিত ‘পরী’ গানটি দর্শকদের মধ্যে আরও আগ্রহ তৈরি করবে এবং সিনেমাটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে।

আবুল হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটিতে এক গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এতে আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও ছবির শুটিং হয়েছে ভারতে।

উল্লেখ্য, নিশ্চিত হওয়া গেছে, ‌‘প্রিন্স’ সিনেমায় আইটেম ড্যান্স ঘরানার একটি গানে প্লেব্যাক করেছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। গানটিতে তার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান।

বিষয়:

ঢালিউড
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত