‘বিসিবির সভাপতি হতে প্রস্তুত’ মাশরাফির এমন মন্তব্যের বিষয়ে যা জানা

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ‘আমি প্রস্তুত আমি যদি বিসিবি প্রেসিডেন্ট হই তাহলে আমি সবাইকে বুঝিয়ে দেব। বিসিবি কিভাবে চালাতে হয়’ শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি দাবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিসিবি প্রেসিডেন্ট হওয়া নিয়ে মাশরাফি বিন মুর্তজার আলোচিত মন্তব্যটি করার সত্যতা মেলেনি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যালোচনা করে তাতে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে মাশরাফির ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত দাবি সংবলিত কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি। এমনকি গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তার এমন মন্তব্য করার সত্যতাও পাওয়া যায়নি। চলতি বছর মাত্র একটি পোস্ট করা হয় তার পেজ থেকে। গত ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসে পোস্ট করেন তিনি।

মাশরাফি দেশে থাকলেও ২০২৪ সালের পর তাকে জনসম্মুখে দেখা যায়নি। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে সেই মামলায় নির্দোষ প্রমাণিত হলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। ২৫ ফেব্রুয়ারি পল্লবী বিদ্যানিকেতন স্কুলে ৫০০ অসহায় দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আমিনুল বলেন, ‘তারা (সাকিব-মাশরাফি) যদি আইনগত বিষয়গুলো ফেস করে নিরপরাধ প্রমাণিত হন এবং দেশের পেশাদার ক্রিকেটে ফিরতে চান, একজন স্পোর্টসম্যান হিসেবে আমি অবশ্যই তাদের স্বাগত জানাব।

সুতরাং, মাশরাফি বিন মুর্তজা ‘আমি প্রস্তুত আমি যদি বিসিবি প্রেসিডেন্ট হই তাহলে আমি সবাইকে বুঝিয়ে দিবো। বিসিবি কিভাবে চালাতে হয়’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত