মোহাম্মদপুরে ছিনতাইকারীদের আক্রমণ ঠেকাতে পুলিশের গুলি

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে একজন গুলিবিদ্ধ হন। পরে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল ও একটি খেলনা রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন—পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। পলাশ ও সাকিব আপন দুই ভাই। তারা গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার লর হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকার লোকমান সরকারের ছেলে। অপরদিকে গ্রেফতার হওয়া বিপ্লব হোসেন তাদের আপন বোন জামাই বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ধানমন্ডি ২৭ এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাই করছিল চক্রটির সদস্যরা। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করলে তারা মোহাম্মদপুরের দিকে পালিয়ে যায়। একপর্যায়ে মোহাম্মদপুর টাউন হল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তবে চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায় বলে জানা গেছে।

ছিনতাইকারী গ্রেফতারের খবর পেয়ে থানায় যান পুলিশের আরেক কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার (এসপি) শামীমা ইয়াসমিন। 

তিনি জানান, গত শনিবার রাতে তিনি রিকশাযোগে ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, প্রথমে আমি ভেবেছিলাম আমার রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগেছে। পরে মুহূর্তের মধ্যে বুঝতে পারি আমার ব্যাগ টান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি তাদের ধাওয়া করেও কাউকে ধরতে পারিনি।

শামীমা ইয়াসমিন আরও বলেন, এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারী আটকের খবর পেয়ে থানায় এসে নিজের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন। তবে তার ফোন এখনো উদ্ধার হয়নি।

এ বিষয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি প্রশাসন) মীর আসাদুজ্জামান বলেন, গতকাল রাত থেকেই মোটরসাইকেলযোগে সক্রিয় ছিনতাই চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছিল। আজ ভোরে তারা আবারও ছিনতাই করছিল। পুলিশ ধাওয়া দিলে তারা মোহাম্মদপুরের দিকে পালানোর চেষ্টা করে। পরে টাউন হল এলাকায় পৌঁছালে তারা পুলিশের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, ছিনতাইকারী চক্রের মোট পাঁচ সদস্য ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড গুলি চালায়। এতে একজন ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হয় এবং তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়। চক্রটির সদস্যরা সবাই একই পরিবারের সদস্য।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত