ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনা সভায় পোপ লিও মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধকে পুরো মানবজাতির জন্য একটি কলঙ্ক এবং ঈশ্বরের কাছে একটি আর্তনাদ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে এবং পুরো অঞ্চলজুড়ে নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমন ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটেই পোপ এই মন্তব্য করেন।
ভ্যাটিকান নিউজের জানায়, সমবেত জনতাকে পোপ লিও আহ্বান জানান যেন তারা যুদ্ধের অবসান এবং শান্তির পথ উন্মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করেন। তিনি জোর দিয়ে বলেন, আন্তরিক সংলাপ এবং প্রতিটি মানুষের মর্যাদার প্রতি শ্রদ্ধাবোধের মাধ্যমেই কেবল এই শান্তির পথ তৈরি হতে পারে।
মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রান্তের সংঘাত নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন পোপ। তিনি অত্যন্ত দুঃখের সাথে বলেন, এই সংঘাতগুলোতে অসংখ্য নিরপরাধ মানুষ যে অসহনীয় যন্ত্রণার শিকার হচ্ছেন, তার সামনে চুপ থাকা কোনোভাবেই সম্ভব নয়।
পোপের এই আহ্বান মূলত বিশ্ববিবেকের প্রতি এক জোরালো তাগিদ, যাতে অবিলম্বে রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধ করে মানবিক মর্যাদা পুনরুদ্ধারে সবাই সচেষ্ট হয়।
সূত্র: আলজাজিরা।