হাতপাখা শান্তির প্রতীক: রেজাউল করিম

সংবাদপত্র প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ গড়ার একমাত্র পথ ইসলামী আন্দোলন বাংলাদেশ।  যারা দেশকে ভালোবাসে, দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়, ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়, মানুষের কল্যাণে দেশ গড়তে চায় তারা ইতোমধ্যে ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখায় কাজ করা শুরু করে দিয়েছেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মুফতি রেজাউল করিম বলেন, হাতপাখা শান্তির প্রতীক। মানুষের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে।  অনেক লোকের মুখের ফুলঝুরি বক্তব্য শুনেছি কিন্তু তারা কথা রাখেনি।  মানুষ এখন আর তাদের এই ফুলঝুড়ি বক্তব্য বিশ্বাস করে না।  আমাদের দেশের টাকা বেগম পাড়ায় পাচার করা হয়েছে।  দেশের মানুষকে ধোকা দেওয়া হয়েছে।  এসব দুর্নীতি রুখে দিতে ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দিতে হবে।  

এ সময় তিনি বলেন, বিএনপির সঙ্গে একটি জোট হয়েছে এবং জামায়াতের সঙ্গে আরও একটি জোট হয়েছে।  তারা কখনো বলছে না ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে।  তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করতে চায় কিন্তু এই ধারা অব্যাহত থাকলে কখনো ইসলাম কায়েম হবে না।  মানুষের শান্তি ও মুক্তি মিলবে না।  দুর্নীতিমুক্ত হবে না।  দুর্নীতিমুক্ত দেশ গড়ার একমাত্র পথ ইসলামী আন্দোলন বাংলাদেশ।  যারা ইসলামের শান্তি কায়েম করতে চায়, যারা দেশ প্রেমিক তারা দেশকে ভালোবাসে ইতোমধ্যে ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখায় কাজ শুরু করে দিয়েছে।  

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশ গড়ার একটা সুযোগ এসেছে।  এ সুযোগ যদি আমরা কাজে না লাগাতে পারি, ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমাদের আফসোস করতে হবে।  

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত